রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের উত্তর পাশে একটি পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা একটি প্রাইভেটকারে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কাছাকাছি ফায়ার সার্ভিসের টহল টিম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর আতিকুর রহমান জানান, বিকেল পাম্প থেকে জ্বালানি নেওয়ার পর প্রাইভেটকারটি চালু করতেই সেটিতে আগুন ধরে যায়।

ওই সময় পাম্পটির পাশ দিয়ে ফায়ার সার্ভিসের টহল গাড়ি যাচ্ছিলো। টহল গাড়িতে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে প্রাইভেটকারটির সামনের অংশ পুড়ে গেছে।

ওএফ