চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকায় রেলওয়ের টেন্ডার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে একের পর এক সংঘর্ষের জের ধরে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে পুলিশ, র্যাব ও বিজিবির পাঁচ শতাধিক সদস্য পুরো সিআরবি এলাকা ঘিরে অভিযান চালায়। এ সময় বিভিন্ন বস্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে সিআরবি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অমিত মুহুরীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ছাত্রলীগ-যুবলীগের ৪০ নেতা-কর্মীকে।
উল্লেখ্য, গত রোববার সিআরবি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ হয়।
২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকার টেন্ডার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয় শিশুসহ দুইজন।
এমকে





