জঙ্গীবাদের মদদদাতা ও ২০০৫ সালের ১৭ ই আগস্টে আওয়ামী লীগের মহাসমাবেশে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহসভাপতি ফারহানা পারভীন, সাধারণ সম্পাদক এস এম তোহিদ আল হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, বিগত জোট সরকারের আমলে দেশে ত্রাসের রাজত্ব কায়েক ছিল। বিএনটি সরকারই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। বাংলা ভাইয়ের মত লোক তৈরি করে সারাদেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছিল। বর্তমান সরকার জঙ্গিবাদ দমনে বদ্ধ পরিকর। আর ছাত্রলীগ সবসময় জঙ্গিবাদ দমনে সচেষ্ট ছিল এবং থাকবে।

এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, রাবি ক্যাম্পাস ছাত্রলীগের ঘাটিতে পরিণত হয়েছে। তাই ভবিষ্যতে এ ক্যাম্পাসে জঙ্গিবাদের মদদদাতা জামায়াত-শিবির যেকোনো ধরণের নাশকতা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ