রাজশাহী নগরীর আসামকলোনী বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ভেজাল ড্রিংকস উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-জেলার বাঘা উপজেলার মহদীপুর গ্রামের রাজু আহম্মেদ (২৬) ও নগরীর আসামকলোনী এলাকার আশরাফুল ইসলাম আকাশ (২১)।

র‌্যাব-৫ এর সদর দফতর থেকে সোমবার রাত সোয়া ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের আব্দুস সালামের ভাড়া বাড়িতে বিপুল পরিমাণে যৌন উত্তেজক ভেজাল ড্রিংকস মজুদ রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের এ্যালকোহল মিশ্রিত ভেজাল এনার্জি ড্রিংকস জিনসিন থ্রিজি ৬০ পিস, জিনসিন ১৯০ পিস, জিনসিন প্লাস ১২২৪ পিস, নাইট পাওয়ার ২৩০ পিস, জিনসেং পাওয়ার ১৪০০ পিস, মাসরুম ১৮৫ পিস, হ্যাপী ১১৫ পিস, চাইনিজ ট্রাডিশন ২১০ পিস, থ্রিজি ১১৬৫ পিস, হানি শরবত ৩০০ পিস, স্টার জিনসিন ২৪ পিস জব্দ করা হয়। এ ছাড়াও তৃন দশনচূর্ণ দাঁতের মাজন ৪৭৫ পিস, সুপার ম্যাক্স মশার কয়েল ১৮০ প্যাকেট, প্রিমা বোস্টার ১৫০০ প্যাকেট, পাওয়ার ড্রাগন ১৮০ প্যাকেট, অশ্বগন্ধ পাউডার ২৩ প্যাকেট, টেস্টি স্যালাইন ৭০ বক্স, টুথ ব্রাশ ৪৪ পাতা, ওরেঞ্জ সফট ড্রিংকস পাউডার ১৫ প্যাকেট ও ডাব পাওয়ার ড্রিংকস ৩ প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত মালের আনুমানিক মূল্য পাঁচ লাখ বিরাশি হাজার দুই শ’ পঁচিশ টাকা। পরে এ সব নিষিদ্ধ মালামাল তৈরি ও বিক্রির অপরাধে রাজু ও আশরাফুলকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে যৌন উত্তেজক সিলডেনাফিল সাইট্রেট ও ক্যাফেইন পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

কেএইচ