সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে বাসের সুপারভাইজার লাঞ্ছিত করায় বিক্ষুব্ধ ছাত্ররা শনিবার সকালে ২ ঘণ্টা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এসময় এই সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বেতিল বহুমুখী হাই স্কুলের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন এনায়েতপুর থেকে তিথি এন্টারপ্রাইজের বাসে স্কুলে আসার পথে গাড়ির সুপারভাইজার এর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে।
এ খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ ছাত্ররা স্কুল সংলগ্ন এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে ২ ঘণ্টা অবস্থান নিয়ে ঐ সুপারভাইজারের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সালিশী বৈঠকে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেয়।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





