পরিকল্পনার কারণেই আওয়ামী লীগের শাসন আমলে অর্থনৈতিক সফলতা এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে, রাজধানীর একটি হোটেলে ২০১৫-১৬ অর্থবছরের সেরা রপ্তানিকারকদের জাতীয় রপ্তানি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'সরকারের নেয়া নীতিমালার কারণে ক্ষমতায় যারাই আসুক না কেন, দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।'
প্রধানমন্ত্রী বলেন, 'উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে ২০২৪ সালের পর কিছু সুযোগ-সুবিধা হারালেও, সরকারের নেয়া নীতির কারণে রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এছাড়া, ব্যবসা সহজ করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ প্রয়োজনীয় সবকিছুই করছে আওয়ামী লীগ সরকার।'
এছাড়া দেশের রপ্তানি আয় বাড়াতে, পণ্যের বহুমূখীকরণ ও নতুন বাজার তৈরির পাশাপাশি অর্থনৈতিক কুটনীতিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রপ্তানিকারকদের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমানে দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক। এছাড়া ওষুধ, চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি থেকে ২০১৭-১৮ অর্থবছরে আয় হয় ৩৬ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার। তবে, সরকারের লক্ষ্য ২০২১ সাল নাগাদ এই আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা।
২০১৫-১৬ অর্থবছরে রপ্তানিখাতে বিশেষ অবদানের জন্য ২৪টি পণ্য ও সেবাখাতের ৫৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবশেষে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে, মাথা উঁচু করে চলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএম





