মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ ও ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সংসদ ভবনের টানেলে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।
এ সময় ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন অধ্যাপক মোজাফফর আহমদের জীবন বৃত্তান্ত পাঠ করেন।
জানাজা পরিচালনা করেন সংসদ ভবন মসজিদের ইমাম মাওলানা মো. সাইফুল্লাহ। জানাজা শেষে মুক্তিযুদ্ধের সংগঠক মোজাফফর আহমেদকে গার্ড অফ অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে মোজাফফর আহমদের মরদেহ, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পরদিন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ।
এএস





