গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪২৫টি কেন্দ্র। এর মধ্যে বেসরকারিভাবে ১১৮টি কেন্দ্রর ফলাফল পাওয়া গেছে।   

আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ। ভোট গণনা শেষে কেন্দ্রে ফল চূড়ান্ত করা হয়েছে। ভোটের ফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকতা একের পর এক কেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করবেন।  

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪২৫ ভোটকেন্দ্রের মধ্যে নানা অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার ফল ঘোষণার আগেই বিভিন্ন উৎস থেকে কেন্দ্র ভিত্তিক ফল পাওয়া গেছে।

এখন পর্যন্ত ১১৮টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে দেখা গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ১৩৭০৩৪ ভোট।

অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৬০২০৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টির ভোটগ্রহণ তাঁরা স্থগিত করেছেন।

কেন্দ্রগুলো হলো- ৯ নম্বর ওয়ার্ডের এম ই এইচ আরিফ কলেজ (৬১ নম্বর কেন্দ্র), ১৫ নম্বর ওয়ার্ডের গাজীপুরের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (৯৮ নম্বর কেন্দ্র), ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭৪ নম্বর কেন্দ্র), ৪৮ নম্বর ওয়ার্ডের জাহান পাবলিক দত্তপাড়া কেন্দ্র (৩৪২ নম্বর কেন্দ্র), ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে (৩৭২, ৩৭৩ নম্বর কেন্দ্র), ৫৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ার হাজী কাসিম উদ্দিন বিএম এন্ড কমার্স কলেজ কেন্দ্র (৩৮৯ নম্বর কেন্দ্র)।

বিভিন্ন উৎস থেকে পাওয়া অনানুষ্ঠানিক এই ভোটের তথ্যের আইনগত কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।  

এমবি