দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা দুটি লেগুনা, একটি সিএনজি চালিত অটোরিকসা, দুটি মোটরসাইকেল এবং একটি ভ্যানকে চাপা দিলে পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় পাবনা থেকে রংপুরগামী স্টার মিন্টু নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা দুটি লেগুনা, একটি সিএনজি চালিত অটোরিকসা, দুটি মোটরসাইকেল এবং একটি ভ্যানকে চাপা দেয়। এতে যানবাহনগুলোর চালক, পথচারীসহ বাসের অন্তত ১৫ জন আহত হয়।
এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এআর





