ভূমিকম্পে মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার পাঁচ তলা ভবন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে ভূমিকম্প অনুভূত হলে ওই ভবনে কর্মরত তিন হাজার শ্রমিকের মাঝে আতঙ্ক দেখা দেয়।
আহত শ্রমিকেরা জানান, ভূমিকম্পনের সময় প্রায় তিন হাজার শ্রমিক পাঁচ তলা ওই ভবনে কাজ করছিল। এ সময় আতঙ্কে তারা দ্রুত নিচে নামতে গিয়ে ধাক্কাধাক্কি ও দেয়ালচাপায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, আহতদের শরীরের কোনো ধরনের আঘাত নেই। আতঙ্কে তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদের প্রয়োজনীয় স্যালাইনসহ চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, ভূমিকম্পে আতঙ্কিত মানুষ অফিস-আদালত ও ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পনের কারণে পুকুর, খাল-বিল ও নদীর পানিতে ঢেউের সৃষ্টি হয়।
জেআই





