পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মহারাজা দিঘি এলাকার ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়াকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সকাল ১০টায় পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও মতবিনিময়সভায় তিনি এই আশ্বাস দেন।

বাংলাদেশ অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশ পঞ্চগড় জেলা শাখা থেকে মন্ত্রীকে ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়ার কথা অবহিত করলে তিনি তার জন্য একটি বাড়ি নির্মাণ ও ২ টি রিক্সা দেয়ার ঘোষণা দেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অন্তর্ভূক্তসহ প্রয়োজনী সহযোগীতা করতে পঞ্চগড় জেলা প্রশাসনের প্রতি নির্দেশ দেন।

এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড়-২ আসনের সাংসদ এ্যাড. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালে এই মুক্তুমিয়া পঞ্চগড় এলাকায় মুক্তিযোদ্ধাদের পথ নির্দেশসহ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি পাননি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি।

স্ত্রী সন্তান সবাই তাকে ছেড়ে চলে গেছে। তাই বৃদ্ধ বয়সে উপায় না দেখে ভিক্ষার থলি হাতে নিয়ে বেড় হয়েছেন মানুষের দ্বারে দ্বারে। দীর্ঘ দিন থেকে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

বিভিন্ন টেলিভিশন, দৈনিক পত্রিকা , অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তার খবর প্রচারিত হলেও এখন পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান নি।

মন্ত্রীর আশ্বাসের কথা শুনে মুক্তুমিয়া কান্না জাড়িত কণ্ঠে বলেন, অনেক খুশি হয়েছি। এটা দ্রুত বাস্তবায়ন হলে খুশি হবো। এখন তার জীবনের শেষ ইচ্ছা মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় পতাকায় ঢেকে যেন তাকে সমাধিত করা হয়।

এসএইচ