সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বদর উদ্দিন আহমদ কামরান জানান, পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন তিনি। কিছু দূর আসার পর পথিমধ্যে মোটরসাইকেলে থেকে কযেকজন ব্যক্তি আকস্মিকভাবে গাড়িতে ৫/৬টি ককটেল নিক্ষেপ করে।

তবে তাৎক্ষণিকভাবে চালক গাড়ি ঘুরিয়ে পূণরায় বিয়ের অনুষ্ঠানস্থলে চলে যাওয়ায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ছাত্রদল কর্মীরা মিছিল বের করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেডআই