গাজীপুরে পোষাক কারখানার লুণ্ঠন হওয়া ১ কোটি ৩৩ লাখ টাকার মধ্যে ১১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার ও গ্রেফতারের বিষয়ে বুধবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ঘটনা তুলে ধরেন পুলিশ সুপার আব্দুল বাতেন।

তিনি জানান, গত ৭ জুলাই কালিয়াকৈর উপজেলার ফ্যাশন নীট নামক পোষাক কারখানার এক কোটি ৩৩ লাখ টাকা লুট হয়। এ ঘটনায় মামলা হবার পর অভিযান চালিয়ে ওই ঘটনার সাথে জড়িত রশিদ ও অসীম নামের দু’জনকে কালিয়াকৈর থেকে আটক করার পর তাদের কাছ থেকে ওই লুণ্ঠিত টাকার ১১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ব্রিফিং এর সময় অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুকসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ