মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় পুলিশের গুলিতে মশিউর রহমান নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে। মশিউর রহমান শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় দাবি করেন, সন্ধ্যায় সীমাখালির হাসানবাড়ি মোড় ও আসাদ জুটমিলের মাঝামাঝি এলাকায় রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালিখা থানা পুলিশ।

এ সময় গাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে অবরোধকারীরা। পুলিশ ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

পরে ঘটনাস্থল থেকে শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেএ