হাটের সরকারি ছাউনির ভেতর ঘর তুলছেন আব্দুল বাতেন নামের এক আওয়ামী লীগ কর্মী। ছাউনির পাঁকা মেঝে ভেঙ্গে তাতে খাম পুঁতে প্রকাশ্যে ওই দোকান ঘর ওঠালেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। উপজেলা প্রশাসনও জানে না ঘরের ভেতর ঘর উঠানোর বিষয়টি।
এ নিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি ছাউনির ভেতর ঘর ওঠানোর এই চিত্রটি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি হাটবাজারের।
শুক্রবার সরেজমিনে কোদালকাটি বাজারে গিয়ে ঘর উঠানোর চিত্রটি দেখা যায়। অবৈধভাবে সরকারি জায়গায় ঘর ওঠানোর কারণ জানতে চাওয়া হলে আব্দুল বাতেন বলেন, "এই স্থানে আমি কাপড়ের দোকান করতাম। কিন্তু বৃষ্টির সময় দোকান করা সমস্যা হয়। এ কারণে এটা করা হচ্ছে। যাতে দোকান করতে সুবিধা হয়।"
সরকারি ছাউনির ভেতর ঘর ওঠানো প্রসঙ্গে তিনি বলেন, "আমি তো আর জায়গাটা নিয়া গেলাম না।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "আমি যে জায়গাটিতে দোকান বিছাতাম সেটা সুদ্দা উনি ঘর তুলছেন। না করছি দেইখ্যা আমাক মারবার আইছিল। ওরা সরকারি দলের লোক। তাগর ভয়ে কেউ কতা কয় না।"
সরকারি ঘরের ভেতর ঘর ওঠানো অবৈধ স্বীকার করে হাটের ইজারাদার আবু সাঈদ মধু বলেন, "আমি নিষেধ করেছিলাম কিন্তু তারা মানেনি।" কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, "আমি শুনেছি যে সরকারি ছাউনির ভেতরে আরেকটি ঘর ওঠানো হচ্ছে। আমি জানি আমার কথা তারা শুনবে না। তাই আমি নিষেধ করিনি।"
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





