ফেনী শহরের রামপুরে শাহীন একাডেমী রোডে ৪ ইভটিজারকে আটকের জের ধরে স্কুল সংলগ্ন মাঠে বোমা হামলা করেছে বখাটেরা। এসময় জনতার হাতে আটক হয় আবির হোসেন নামের এক ইভটিজার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে রবিবার সন্ধ্যায় আরিফ, রনি, রায়হান ও মীর হোসেন নামের চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বখাটেরা ক্ষুব্ধ হয়ে রাত ৯টার দিকে শাহীন একাডেমী স্কুলের দক্ষিণ পাশে মাঠে পরপর ৩টি বোমা ফাটায়। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রামপুর মোল্লা বাড়ির আবির হোসেন নামের একজনকে আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িত অন্যদের আটকের জোর চেষ্টা চলছে বলে জানান।

উল্লেখ্য, রবিবার সকালে শাহীন একাডেমী স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. রেজাউল হক ইভটিজারদের ধরতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ