বগুড়ায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের ভেতর ছুরিকাঘাতে শিমুল হক রেহান (৩৫) নামে সৈনিক লীগ নেতা খুন হয়েছেন। এ ঘটনায় সৈনিক লীগের আরেক নেতা সবুজ সওদাগরও গুরুতর আহত হন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা টেম্পল রোডে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হঠাৎ করে ৪/৫ জনের একটি দল এসে রেহান ও সবুজ সওদাগরকে ছুরিকাহত করে প্রকাশ্যে ঘটনাস্থল ত্যাগ করে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গুরুতর আহত রেহানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সবুজ সওদারকে কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এসআই মঞ্জুরুল।

এ ঘটনায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঘটনাস্থলের পাশে দায়িত্বরত জেলা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

 জেআই