চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টার পরে ভেসে ওঠা লাশগুলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
যাদের লাশ পাওয়া গেছে তারা হলেন, ফটিকছড়ির সুয়াবিল এলাকার নুরুল ইসলাম সওদাগর (৫৫), আরমান (৭), রিজভী (১২) ও ইমন (১৮)। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন থেকে যাত্রী নিয়ে হালদা নদী দিয়ে একটি নৌকা সুন্দরপুর ইউনিয়ন ঘাটে যাচ্ছিল। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাঝ নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও এ চারজন নিখোঁজ ছিলেন।
গতকাল দুপুর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে তাদের সন্ধান পায়নি।
এমআইএস





