মানিকগঞ্জর সদর উপজেলায় আগুনে তিন দোকান পুড়ে গেছে। সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নের সানবান্দা বাসস্ট্যান্ডে সোমবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে মো. আজিজের মোবাইল, টেলিভিশন ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান, বিল্লাল হোসেনের ডেকোরেটরের দোকান ও একটি সেলুন।

সানবান্দা বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সভাপতি নূরুল ইসলাম নূরু জানান, সকালে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে এলাকাবাসী ও দোকানদাররা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই তিনটি দোকান পুড়ে যায়।

মানিকগঞ্জ জেলার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে আজিজের দোকানের প্রায় সাত লাখ টাকার মোবাইল ও টেলিভিশন ও ইলেট্রিক সামগ্রী পুড়ে যায়। বিল্লাল হোসেনের পাঁচ লাখ টাকা ও ডেকোরেটরের মালামাল ও একটি সেলুনের প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

কেএইচ