কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউর রহমান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টায় শহরের ক্রিসেন্ট ক্লাবের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল খালেক জানান, ৫ জানুয়ারি বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি পিন্টু। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি শহরের বড় বাজারে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সেইদিন রাতেই কুষ্টিয়া সদর ফাঁড়ির এএসআই রমজান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে একই মামলায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

কেএইচ