রাজধানীর বনানীতে ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় জীবন বাঁচাতে তার ধরে নিচে নামার সময় মাটিতে পড়ে নিহত হয় আব্দুল্লাহ্ আল মামুনের (৪৭)।

নিহত মামুনকে দিনাজপুর শহরের ফরিদপুরে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

আজ (২৮ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে তার মরদেহ দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার বাড়িতে নিয়ে আসা হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আব্দুল্লাহ্ আল মামুন বনানীর এফআর টাওয়ারে হ্যারিটেজ এয়ার লাইন্সের চিফ একাউন্টেন্ট ছিলেন। বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি তার ধরে নিচে নামার সময় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

তার প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ঢাকার কল্যাণপুরে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। দিনাজপুরের তার ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজ (শুক্রবার) সকাল ১১টায় পৈত্রিক বাড়ি বিরল উপজেলার কালিয়াগঞ্জ সংলগ্ন মিরাবন গ্রামে এবং ৩য় নামাজের জানাজা বাদ জুম্মা দুপুর ২টায় অনুষ্ঠিত হয় দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ঈদগাহ মাঠে। জানাজা শেষে বাবার কবরের পাশে সমাহিত করা হয় মামুনকে।

আব্দুল্লাহ্ আল মামুন দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধহাফেজ মোড় নিবাসী প্রাক্তন ফরেস্ট অফিসার মরহুম আবুল কাশেমের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, দুই কন্যা, মা, চার ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৫

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডেরঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনটির ৯তলা থেকে।

বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।  

এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।

এমবি