নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
আহতদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু ও সাবেক সভাপতি জাকারিয়া আল মামুনের ভাই ছাত্রলীগ নেতা সুজনের সমর্থকদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সেনবাগ বাজারে এসে সংঘর্ষে লিপ্ত হয়।
ছাত্রলীগের এক নেতা জানান, শ্রেণিকক্ষে বসা নিয়ে যে সমস্যা হয়েছে, তা সমাধানের জন্য বাবু কলেজের দিকে যাচ্ছিল। এ সময় কলেজের প্রধান গেটে থাকা সুজনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুর উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আল মামুনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





