ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন নামের সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে।

নিহতের স্বজনেরা জানায়, ফাতেমা দুপুরের পর খেলতে খেলতে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পায়।

এরপর তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তারিক/এএস