রাজধানীর কারওয়ানবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত।
অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ওয়াজিউর রহমান।
এ সময় ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসে উচ্ছেদে বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছেন উচ্ছেদের আগে সিটি করপোরেশন থেকে তাদের কোন নোটিশ দেয়া হয়নি। বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।
উচ্ছেদের ব্যাপারে সিটি করপোরেশন জানায়, মহাখালীতে ওই সকল ব্যবসায়ীদের জন্য একটি কাঁচা বাজার নির্মাণ করা হয়েছে। সেখানে চলে যাওয়ার জন্য তাদের গত ছয় মাস ধরে তাগাদা দেয়া হলেও তারা যাননি। তাই বাধ্য হয়েই সিটি করপোরেশনকে এ ব্যবস্থা নিতে হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধ উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এমন অভিযান আমরা নিয়মিতই করে থাকি।’
এমবি





