গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজের পূর্বপাশের একটি কলাবাগান থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, কাটাখালি ব্রিজের হাওয়াখানা নামক এলাকায় বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় ৩০ ও ৪৫ বছরের অজ্ঞাত দুই জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজনেই গরু ব্যবসায়ী। তাদের হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো ছিল। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারাণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে গরু ও টাকা ছিনতাইয়ের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে।

তিনি আরও জানান, তাদের পকেটে গরু ক্রয়-বিক্রয়ের কয়েকটি চালানা পাওয়া গেছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

জেআই