ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

কারণ মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পস্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয় এবং কুয়াশার ঘনত্ব কমে আসায় পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি দৌলতদিয়া উদ্দেশে যাত্রা করে।

বর্তমানে ১৬টি ফেরির মধ্যে ১৫টি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। যে যানবাহনগুলো নদী পারের জন্য আটকিয়ে আছে সেগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হবে বলেও জানান তিনি।

এএস