সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ (৩০) গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে কাজীরহাট ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এসআই ইকবাল ও কনেস্টবল শাহাদাত আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কলারোয়া থানা পুলিশের একটি দল কাজীরহাট ঠাকুরবাড়ি এলাকায় টহলে ছিল। রাত ১টার দিকে ছাত্রদল নেতা আব্দুল মজিদের নেতৃত্বে এক দল ওই স্থানে নাশকতার চেষ্টা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় ছাত্রদল নেতা আব্দুল মজিদের বা পায়ে গুলি লাগে। পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট ওই সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে কলারোয়া উপজেলা পরিষদের সামনে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। পরে তৎকালীন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশলেম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার এজহারভুক্ত আসামি ছাত্রদল নেতা আব্দুল মজিদ। ওই সময় নিম্ন আদালত থেকে মামলাটি খারিজ করে দেয়া হয়। তবে গত বছর ১৫ অক্টোবর উচ্চ আদালতের নির্দেশে মামলাটি পুন:তদন্ত শুরু হয়।
পুলিশ জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
কেএইচ





