খুলনা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুরের নরসিংহপুর ফেরীঘাট সংলগ্ন বালার বাজারের বেইলি ব্রিজটি ভেঙ্গে ১৬ জেলার সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এতে মহাসড়কের সেতুর দুই পাড়ে যানযটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরিশালগামী ২৫ টনের অধিক রড বোঝাই একটি ট্রাক শরীয়তপুরের নরসিংহপুর ফেরী ঘাট সংলগ্ন বালার বাজারের বেইলী সেতুটির উপর উঠলেই সেতুটি ভেঙ্গে পড়ে যায়।

স্থানীয়রা জানান, ট্রাকটি অতিরিক্ত মালামাল বহনের কারণে সেতুটি ভেঙ্গে পড়েছে। ফলে এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে করে এ সড়কের সেতুটির দুই পাশে যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে।

সাধারণ যাত্রীদের পাড়াপাড়ের জন্য স্থানীয়দের উদ্যোগে ট্রলার ও নৌকার ব্যবস্থা করা হলেও সড়ক বিভাগ আজ শনিবার দুপুর পর্যন্ত সেতুটি মেরামত করার ব্যবস্থা নেইনি বলে জানান স্থানীয়রা।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা চালু করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

তবে আমরা আগে থেকেই ১০ টনের অধিক বোঝাই যানবাহন চলাচল না করার জন্য নোটিশ বোর্ড টাঙ্গিয়ে দিয়েছি। কিন্তু তারপরও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এমবি