ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে সুমন নামের এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর সুমনকে বিএসএফ সদস্যারা নিয়ে গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সুমন (২৬) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

গুলিবিদ্ধ সুমনের খালাতো ভাই লাল্টু হোসেন বলেন, ভারতে গরু আনতে যাওয়ার সময় সুমনকে গুলি করে বিএসএফ। সোমবার সন্ধ্যায় সীমান্ত পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি জানাজানি হয়। গুলিবিদ্ধ হওয়ার পর সুমনকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, সুমনের পায়ে গুলি করেছে বিএসএফ। সুমনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন সুমন বিএসএফের কাছে রয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার মঈন উদ্দীন বলেন, ঘটনাটি মঙ্গলবার সকালে শুনেছি। ভারতে গরু আনতে গিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। ওই যুবক গুলিবিদ্ধ হওয়ার সীমান্ত এলাকাটি যশোরের আওতাধীন হওয়ায় এই ব্যাপারে বিস্তারিত জানতে পারিনি।

এমবি