'এক ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও আমি কখনও উল্টো পাশ দিয়ে যাওয়ার সুযোগ নেইনি। নীতিগতভাবে এটি সমর্থন করি না, কখনও করবোও না। আমরা ভিআইপিরা যদি উল্টো পাশে যাই সাধারণ মানুষ কার কাছ থেকে শিখবে' রাজধানী ও দেশের যানজট এর চিত্র তুলে ধরে এভাবে বিরক্তি জানাচ্ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যানজট নিয়ে বিরক্তি জানিয়ে মন্ত্রী বলেন, 'আমি মন্ত্রী নিজেও অনেক সময় জ্যামে আটকা পড়েছি। আমাদের অনেক ভিআইপি আমার চোখের সামনে পতাকা টানিয়ে উল্টো পাশ দিয়ে চলে যান। এটি দেখে কষ্টও লাগে।'

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১১তম ঢাকা মোটর শো, দ্বিতীয় ঢাকা বাইক শো এবং অটোপার্টস শো উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 এসময় রাজধানী ও দেশের গণপরিবহনের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বিরক্তি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকার বাস দেখলে মনে হয় বাংলাদেশ যেন খুব গরিব দেশ। বিদেশিরা এটি নিয়ে খুব লজ্জা দেয়।

নতুন বাস নামাতে মালিকদের প্রতি আহ্বান রেখে মন্ত্রী বলেন, আপনারা নতুন বাস নামান আমি পুরাতন লক্কর-ঝক্কর বাস উঠিয়ে দেবো।

মন্ত্রী আরও বলেন, ‘বাসের সামনে লেখা ‘বাবার দোয়া’, ‘মায়ের দোয়া’আর পেছনে লেখা ‘আল্লাহর নামে চলিলাম’কিন্তু আল্লাহর নামে চলিলাম বলে কোথায় চললাম -খাদের মধ্যে?

‘আমি নিজে দেখেছি গাড়ির গায়ে লেখা ‘সিটিং সার্ভিস’অথচ ভেতরে সিট নেই; লোকজন দাঁড়িয়ে আছেন। এটি সিটিং নয় একটা চিটিং সার্ভিস’- বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ইদানিং কেউ বিশ্বাস করে না বলে লিখে দিয়েছে ‘আল্লাহর কসম সিটিং সার্ভিস। আরেকটা বাস দেখলাম মুন্সিগঞ্জের পথে লিখেছে ‘আল্লাহর কসম ভিআইপি সার্ভিস’।

মন্ত্রী জানান, এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের ডিপো নির্মাণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী মাসে র‌্যাপিড বাস ট্রানজিট (বিআরটিএ) গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজ শুরু হবে।

ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনা কমাতে এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

 

এমআইএম।