আগামী ১ জুন থেকে রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযান শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পহেলা জুন “ক্লিন ঢাকা গ্রিন ঢাকা” এর আওতায় দক্ষিণ সিটি করপোরেশনের গুলিস্তান এলাকার রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তের কাজ শুরু করা হবে। আর উত্তর সিটি করপোরেশনের ফার্মগেট এলাকার রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তের কার্যক্রম শুরু হবে ১ জুলাইতে। এতে যানজট নিরসন করা সম্ভব না হলেও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।’

বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ায় অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে আয়েজিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ষষ্ঠ সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের শক্ত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

পরে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ করে তাদের উঠিয়ে দেয়া যাবে না। তাদের সেখান থেকে ধীরে ধীরে স্থানান্তর করে দখলমুক্ত করা হবে। না হয় সমস্যা সৃষ্টি হবে।’

মন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে রাজধানীর দুই সিটি করপোরেশনের সকল এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আমরা এ পদক্ষেপ হাতে নিয়েছি। এটি করতে পারলে নগরীর যানজট অনেকটাই কমবে।’

তিনি বলেন, ‘এ অভিযান কার্যক্রমে সিটি করপোরেশন যাদের সঙ্গে নিতে চায় তাদের দিয়েই তা পরিচালনা করা হবে। মূলত এ অভিযান পরিচালনার দায়িত্ব সিটি করপোরেশনের।’

‘প্রিয় হোক আর অপ্রিয় হোক নগরীকে সুন্দর ও গ্রিন করতে হলে কঠোর উদ্যোগ নিতে হবেই। পরবর্তীতে নগরবাসী একটি সুন্দর ও সবুজময় শহর উপহার পাবে’–বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ‘রাজধানীর গুলিস্তান হলো দক্ষিণ সিটি করপোরেশনের প্রাণকেন্দ্র। কিন্তু গুলিস্তানের রাস্তা, ফুটপাত ও ফ্লাইওভারের নিচ পুরো অবৈধ দখলদারদের কবলে। সংস্থা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও সেটা স্থায়ী সমাধান হয় না। অবৈধ দখলবাজরা যাতে আবার দখল করতে না পারে সেজন্য স্থায়ী সমাধান প্রয়োজন।’

‘দখলদারদের পেছনে অদৃশ্য একটি হাত আছে’ মন্তব্য করে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘রাস্তা ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান করে লাভ হচ্ছে না। তারা আবার জেঁকে বসে। এদের শক্তি কোথায় তা আগে জানতে হবে।’ এ বিষয়ে সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ডা. মো. এনামুল রহমান, জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি, গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন, ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, যুগ্ম-কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএম সিদ্দিক প্রমুখ।

জেআই