রাজশাহীর বাঘা পোস্ট অফিসের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পোস্ট মাস্টার আব্দুর রাজ্জাক ও নাইট গার্ড বাদল।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পোস্ট অফিস মাস্টার আব্দুর রাজ্জাক জানান, রাতে অফিসের দোতলা ভবনের পেছন দিকের নিচতলার একটি কক্ষে কাঁচের জানালা ভেঙে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে ওই কক্ষের জরুরি আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তিনি ও নাইট গার্ড বাদল দ্বিতীয়তলায় অবস্থান করছিলেন।
হঠাৎ করে হৈ চৈ শুনে তারা ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে নীচতলায় আগুন দেখতে পান। আগুন জ্বলতে দেখে উপস্থিত লোকজন তাৎক্ষণিক তা নেভানোর চেষ্টা করে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা দু’জন সামনে গেট দিয়ে ভবনের বাইরে বেরোতে সক্ষম হন।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।
এসএইচ





