অবৈধভাবে মালয়েশিয়া পাচারের পথে গভীর সমুদ্রে ৬১৪ জন আরোহীসহ মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলার আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর সেন্ট মার্টিন ফরোয়ার্ড বেইজের লেফটেন্যান্ট কামান্ডার মোস্তফা কামাল জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ওই ট্রলারটি আটক করে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’।

আরোহীসহ ট্রলারটি উপকূলে নিয়ে আসা হচ্ছে। তবে সেটি টেকনাফ পৌঁছাতে মঙ্গলবার সকাল হয়ে যেতে পারে বলে মোস্তফা কামাল জানান।

নৌবাহিনীর কর্মকর্তাদের ধারণা, ওই ট্রলারের আরোহীরা বাংলাদেশের উপকূল থেকে একটি নৌযানে করে মিয়ানমার সীমান্তবর্তী সাগরে যায়। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার এরপর তারা মিয়ানমারের পতাকাবাহী ওই ট্রলারে ওঠে।

সন্দেহ হওয়ায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘দুর্জয়’ ওই ট্রলারে তল্লাশি চালায় বলে লেফটেন্যান্ট কামান্ডার মোস্তফা কামাল জানান। 

ট্রলারে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়া চেষ্টার সময় প্রায়ই আটকের ঘটনা ঘটে। সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গল থেকে অবৈধভাবে সেদেশে যাওয়া ৭৮ জনকে উদ্ধার করা হয়, যাদের অধিকাংশই বাংলাদেশি।

তবে গভীর সাগরে কোনো নৌযান থেকে এর আগে একসঙ্গে এতো মানুষকে উদ্ধার করা হয়নি।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষ পাচার হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু।এর বাইরে একটি বড় অংশ কাজের খোঁজে প্রাণের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন।

জেআই