আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী সাজা পাওয়ায় সরকারের ‘অনেক’ক্ষতি হয়েছে।

তিনি আজ বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

দণ্ডপ্রাপ্তদের মন্ত্রী পদে থাকা যৌক্তিক কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 'আমি এই বির্তকে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ। কেনো আমি পদত্যাগ করি নাই, পদত্যাগ করতে হলে আবার কারও কাছে কইয়া করতে হইবো না কি? এটা তাদের ন্যায়-নীতির উপর।'

“আমাদের মনে রাখতে হবে, অসামাজিক, অনৈতিক, অন্যায় ও অবিচার কোনোটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, মার্চের শুরুতে যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক কম মোজাম্মেল হক।

তারা ওই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলেও আদালত অবমাননার দায়ে তাদের দোষী সাব্যস্ত করে রবিবার সাজা দেয় আপিল বিভাগ।

দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, আদালত অবমাননার বিষয়ে দেশের জনগণকে একটি বার্তা পৌঁছে দিতেই দুই মন্ত্রীকে এ দণ্ড।

এম আর