দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক ও শহরের লাবিব কোচিং সেন্টারের পরিচালক অপহৃত মো. শহিদুল ইসলাম শহিদুল্লাহকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ও শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. রিপনকে (২৭) আটক করে র্যাব।
আটক অন্যরা হলেন, দিনাজপুর শহরের মিশন রোড এলাকার সজিবর রহমানের ছেলে নয়ন (২৪), পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার মৃত আইজুল ইসলামের ছেলে তফিকুল ইসলাম (৩২), সাদেকুল ইসলামের ছেলে সজিব (২২) ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাজ্জাদ হোসেন (২৭)।
দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইসমত হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে শিক্ষক শহিদুল ইসলাম শহিদুল্লাহকে কোচিং সেন্টারের সামনে থেকে অপরহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা।
কেএইচ





