রাজধানীর মধ্যবাড্ডার লায়ন চক্ষু হাসপাতালের উল্টো পাশের বস্তিসহ কয়েকটি বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।
সোমবার বেলা ১২টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, প্রথমে বস্তিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। বস্তির আশপাশের বাড়িগুলোর বেশিরভাগই টিনশেডের। আর সে কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বেশ কয়েকটি টিনশেড বাড়িতে আগুন লেগে ধসেও পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া। তবে ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। সর্বশেষ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
এর আগে বাবুল মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন নেভাতে আটটি ইউনিট পাঠানো হয়। তবে আগুনের তাপের জন্য ফায়ার কর্মীরা কাছাকাছি যেতে পারছেন না।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। হতাহতের খবরও পাওয়া যায়নি।
উৎসুক জনতাকে সামাল দেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। মানুষকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ লাঠিচার্জও করে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড পর্যন্ত একপাশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এমকে





