রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় তছিরন নেছা (৬০) নামের আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এতে ওই বাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ছয়।
বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তছিরন নেছার বাবার নাম মৃত জসিমউদ্দিন।
তার বাবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ লাখিয়ার পাড়া গ্রামে। তিনি ঢাকায় আসতে কুড়িগ্রামের উলিপুর থেকে গাড়িতে উঠেছিলেন।ঢামেকের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এরে আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুন দেওয়ার পর বাসটির ভেতরে থাকা এক শিশুসহ চার যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ২০ যাত্রী। এদের মধ্যে ১০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
অগ্নিদগ্ধদের মধ্যে তখন তছিরন নেছার অবস্থা আশঙ্কাজনক ছিল। অগ্নিদগ্ধদের মধ্যে তিনজনকে রংপুর সিএমএইচে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখান তছিরন নেছা রাতে মারা যান।
এমআর





