মুন্সিগঞ্জের সদরের মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে অজ্ঞাত নৌযানের ধাক্কায় পণ্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে মো: জয়নাল (৩৮) নামে একজন নিখোঁজ হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ (১৮ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী জয়নাল মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।

আহতরা হলেন- মো: মনির (৩৫), মো: নাসির (৫৫), মো: আসাদ (৫০), আনোয়ার (৩৫) ও সাদ্দাম (২৮)।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আতিক জানান, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ছয়জন কাঁচামাল ব্যবসায়ী। পথে কোনো নৌযান তাদের ট্রলারকে ধাক্কা দিলে তারা নদীতে ছিটকে পড়েন। পরে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন।

তাকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।

এমবি