সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিন (৩০) নামে সাভারে যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিনগত রাতে সাভারের শ্যামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, যুবলীগ কর্মী আল- আমিনের নামে এলাকায় সাধারণ মানুষকে পিটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জমি দখল করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় চুরি ও ছিনতাইয়ের বিষয়ে সাভার মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে।
এছাড়া এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজীরও অভিযোগ রয়েছে আল-আমিনের বিরুদ্ধে।
ভবানীপুরের স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
আটক আল-আমিনকে সোমবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
কেএইচ





