ওবাইদুল হক (৩৮) নামে এক সেনা সদস্যের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকার একটি ডোবা থেকে বুধবার বিকাল ৫টায় তার লাশ উদ্ধার করা হয়।
ওবাইদুল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মহেষপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তার আইডি নম্বর-বিআইআর ৯১৪৬১০, সেনা নম্বর- ৪০৩৫১২৬।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, মজিদপুর গ্রামের একটি ডোবা থেকে বিকালে এক ব্যক্তির গলিত লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের প্যান্টের পকেট থেকে পাওয়া পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তির নাম ওবাইদুল হক। তিনি সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবে বগুড়া সেনানিবাসের মাঝিরা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
পুলিশের ধারণা, ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন সৈনিক ওবাইদুল। দুর্বৃত্তরা তাকে অপহরণ ও হত্যার পর লাশ পাবনার মজিদপুর এলাকার ওই ডোবায় ফেলে রাখে।
জেএ





