প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় চাঁদপুরের নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-রিভার) রিপন কুমারকে বিভাগীয় তদন্ত কমিটি ঢাকায় তলব করেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম।
এর আগে গত শনিবার রাতে পুলিশের এই কর্মকর্তার নামে স্ত্রী তপা বিশ্বাস চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, তপা বিশ্বাস নামের এই তরুণীর সঙ্গে পুলিশ কর্মকর্তার চাকরি হওয়ার আগে পরিচয় হয় ও ঢাকার ঢাকেশরী মন্দিরে সিদুঁরের মাধ্যমে তাদের বিয়ে হয়। পুলিশে চাকরি হওয়ার পর থেকে প্রথম স্ত্রীকে কৌশলে সরিয়ে রেখে এই কর্মকর্তা পারিবারিকভাবে আরেক নারীকে বিয়ে করেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল কাইয়ুম জানান, তপা বিশ্বাস নামের একজন এ জাতীয় একটি অভিযোগ দিয়েছে এর বাইরে কোন কাগজপত্র দেখাতে পারেনি। অভিযোগটি তদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এএসপি রিপন কুমারকে ঢাকায় হেড কোয়াটারে তলব করা হয়েছে।
এ বিষয়ে জানতে রিপন কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় বলেও তিনি জানান ।
জেএ





