দেশের অর্থনৈতিক করিডোর হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সচল রাখতে চট্টগ্রামের বারৈয়ার হাট থেকে ঢাকার কাঁচপুর পর্যন্ত বিজিবির জোর তৎপরতা রয়েছে।

গত ১৩ দিনে এ মহাসড়কে ১ লাখ ৫১ হাজার গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে বিজিবি। বাহিনীর সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

সোমবার সকালে কুমিল্লা সেক্টর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লতিফুল হায়দার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা-পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা করণীয়, তার সবই করবে বিজিবি। ইতিমধ্যে এ রিজিওনের আওতায় কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল- এই চার সেক্টরে ৫০ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, যানবাহন মালিক সমিতি নির্বিঘ্নে তাদের যান চলাচল করাতে পারেন। রিজিওন কমান্ডার লতিফুল হায়দার আরো বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসীরা কোন দলের বা গোষ্ঠীর নয়। সীমান্ত রক্ষার সঙ্গে সঙ্গে সন্ত্রাস প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেক্টরের নবাগত সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার ও বিদায়ি সেক্টর কমান্ডার কর্নেল রিপন আহমেদ।
জেআই