চট্টগ্রামে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চারজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে ফোনে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে
এ ঘটনায় থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার মধ্যে একটি নম্বরের মোবাইল থেকে চার কর্মকর্তার ফোনে কল করে হুমকি দেওয়া হয় বলে বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল কবীর জানিয়েছেন।
যারা হুমকি পেয়েছেন, তাদের মধ্যে আশরাফুলও রয়েছেন।
অন্যরা হলেন- প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান ভূঁইয়া ও নিমাই চন্দ্র নন্দী এবং জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নজরুল ইসলাম।
আশরাফুল কবীর বলেন, “শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে একই মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।”
“০১৭৬৭০৫২৪০১ নম্বর থেকে ফোন করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভয়ভীতি দেখানো ছাড়াও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
এ ঘটনায় রাতেই নজরুল ইসলাম ও তিনি বায়েজিদ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান আশরাফুল।
জিডির বিষয়টি নিশ্চিত করে বায়জিদের ওসি মোহাম্মদ মহসিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়েই তদন্ত করছি।”
ওএফ





