বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ‘বিরোধী দলের আন্দোলন হুঙ্কারে শঙ্কিত নয় ছাত্রলীগ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যে কোনো ধরনের অপচেষ্টা রোধে আওয়ামী লীগকে সহাযোগিতা করতে রাজপথে থাকবে ছাত্রলীগ।’

বরিশাল সার্কিট হাউসে সোমবার দুপুরে ছাত্রলীগের বরিশাল বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট আরেকটি ১৫ আগস্ট তৈরির চেষ্টা করছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে ছাত্রলীগের করণীয় নিয়ে ৩১ আগস্ট ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় সমাবেশ ডাকা হয়েছে। ছাত্রলীগের এ সমাবেশ সফল করতে আজকের বরিশাল বিভাগীয় বর্ধিত সভার আয়োজন। এজন্য ছাত্রলীগের সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন- বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, মহানগর সাধারণ সম্পাদক অসীম দেওয়ানসহ বিভাগের অন্য জেলা থেকে আসা ছাত্রলীগের নেতারা।

বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে এই বর্ধিত সভায় বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ছাত্রলীগ নেতারা অংশ নেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই