রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। রাত সাড়ে ন'টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রন করা যাচ্ছিল না।

হাসিনা মার্কেটে ২ শতাধিক দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ভেতরে লোক আটকা থাকতে পারেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে নেমে পড়েছে। তবে ব্যাপক বাতাসের কারণে আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে চলছে।

স্থানীয়দের অভিযোগ আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকদের খবর দিলেও তারা প্রায় ১ ঘণ্টা দেরী করে আসে। আর ততক্ষণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে অগ্নিকাণ্ডস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক উৎসুক জনতা। মানুষের ভীড়ে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে।

কেবি