খাগড়াছড়ির সদরে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষক নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্যে থেকে ওই প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে আগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক প্রভাষক মারা গেছেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমবি