শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘এখন কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত নয়, সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনকে বানচাল করতে তত্ত্বাবধায়ক সরকারের দাবির নামে যারা এ দেশে একাত্তরের মতো হীন ষড়যন্ত্রে মেতে ওঠছিল, গণহত্যা করেছে, আজকে তারা আরও একটি নতুন সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। কিন্তু দেশের মানুষ এ প্রতিহিংসা ও গণহত্যার জবাব দিয়েছে। তাদের প্রত্যাখ্যান করেছে। তাই এখন কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত নয়, সংবিধান মেনেই আগামী নির্বাচন দেওয়া হবে।’
রাজশাহী নগর ভবনের গ্রীন প্লাজায় বুধবার দুপুর সাড়ে ১২টায় পাঁচ দিনব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ সব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। এ ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে হত্যা-নির্যাতন, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। নির্বাচনের নামে তারা আবারও দেশটাকে ওই দিকে নিয়ে যেতে চায়। কিন্তু এবার তারা সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার এ প্রয়াস কেউ বানচাল করতে পারবে না। একটি অর্থনৈতিক প্রবৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার জনগণের কাছে বদ্ধপরিকর।’
পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হিসেবে রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনিসহ ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক নূরুল আলম শাহীন, প্রোগ্রাম ম্যানেজার ফাহিম-বিন-আসমত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয় রাজশাহীসহ দেশের সকল বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ৫০টি এসএমই প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে এ মেলায় অংশ নিচ্ছে। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় কোনো প্রবেশ মূল্য নাই। মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলায় রয়েছে চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, প্লাস্টিক সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্যের বিশাল সমারোহ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ এ মেলা আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ বছর দ্বিতীয় আঞ্চলিক এসএমই পণ্য মেলাটি রাজশাহী নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজন করা হয়েছে। প্রথম মেলাটি ২৩-২৭ অক্টোবর ২০১৪ রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে আয়োজন করা হয়। পর্যায়ক্রমে কক্সবাজার, যশোর, বরিশাল, সিলেট ও গোপালগঞ্জে আঞ্চলিক মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাঙ্গামাটিতে ‘পার্বত্য অঞ্চলের এসএমই পণ্য মেলা’ আয়োজন করা হয়েছে।
জেআই





