পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা এবং কর্মে প্রতিফলিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করতে হবে। এ জন্য প্রয়োজন ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। আর ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়।’

আবদুল হামিদ বলেন, ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার বাণীতে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

বাণীতে শেখ হাসিনা বলেন, মহান আল্লাহর উদ্দেশে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হজরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

এমআর