সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূমিকম্পে ভীত সন্ত্রস্ত হয়ে উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ ও আহত হয়ে যায়। অসুস্থ ও আহত শিক্ষার্থীদের উল্লাপাড়া বেঙ্গল কমিউনিটি হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার উল্লাপাড়ায় দুপুর ১২টা ১৩ মিনিটে ভূমিকম্প স্থায়ী হয় ১মিনিট ৫ সেকেন্ড।
উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হলে বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে আর্জিনা ৭ম, রোজিনা ৯ম, আয়শা ৭ম, সুমি ৭ম, আখিঁ ৭ম, ফাতিমা ১০ম ও সুমাইয়া ১০ম শ্রেণীকে গুরুতর অসুস্থ অবস্থায় উল্লাপাড়া বেঙ্গল কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লাপাড়া মাচেন্টস্ পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মীর শহিদুল ইসলাম ও সানফ্লাওয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক জানান, ভূমিকম্প শুরু হলে এ সময় স্কুল ভবন কাঁপতে থাকে। শিক্ষার্থীরা ভয় ও আতঙ্কে চিৎকার করতে করতে দ্রুত শ্রেণিকক্ষ থেকে মাঠে বেরিয়ে আসে। তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লাপাড়া পৌর শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আহত হয়েছে বলে সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ভূমিকম্পের সময় উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ম সাময়িক পরীক্ষা চলছিল।
জেআই





