গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দৈনিক করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের হার ২ শতাংশের নিচে এসেছে। রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। আর গতকাল দৈনিক শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ বলে জানিয়েছিল অধিদফতর।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭৯১ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৮১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৯৯৮টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৩৯৩টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৪৩৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৮৮৫টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৩২ হাজার ৫৫০টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ২ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮০২ জন আর নারী মারা গেলেন ৯ হাজার ৯৮৯ জন। মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগের আছেন ৩ জন, রাজশাহী বিভাগের ২ জন আর খুলনার বিভাগে ১ জন।
এমবি





